হাই-টেক সিটিতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ওরিক্স

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:৩১ পিএম

ওরিক্স বায়ো-টেক লিমিটেড ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে। এ লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি সেখানে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২-এ ২৫ একর জমি ওরিক্সকে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত সভায় ‘বায়ো-টেক প্রজেক্ট’ নিয়ে আলোচনাকালে এ কথা জানানো হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সময় ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি ওরিক্স বায়ো-টেককে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন। সেই সঙ্গে যেকোনো প্রয়োজনে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন। উন্নত বিশ্বে এখন (বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান) বায়ো-টেকনোলজির ব্যবহার বেড়েছে। মূলত হিউম্যান প্লাজমা থেকে বায়ো-টেক পণ্য উৎপাদিত হয়।

এইডস ও ক্যানসারসহ বিভিন্ন চিকিৎসায় এসব বায়ো-টেক ওষুধ এখন ব্যবহার হচ্ছে। উচ্চতর প্রযুক্তির এই বায়ো-প্রোডাক্ট তথা জৈব পণ্য উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বছরে ১ হাজার ২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে চায় ওরিক্স বায়ো-টেক। এর সঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে বলে সভায় জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত