জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেও খেলায় অংশগ্রহণ করতে না দেওয়ায় প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা ফুটবল দল। গতকাল রবিবার সকালে ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ সভা করে জেলা নারী ফুটবল দলের সদস্য, খেলোয়াড় ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় মহিলা ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার এক ঘণ্টা আগে অভিযোগ তোলে ‘ঠাকুরগাঁও দলের চারজন খেলোয়াড় একাধিকবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে’। এমন অভিযোগে ঠাকুরগাঁও দলকে ফাইনাল খেলা থেকে বিরত রাখা হয়। ফুটবল দলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হলেও জাতীয় মহিলা ফুটবল ফেডারেশনকে বলা হয় অভিযুক্তরা ছাড়াই ফাইনাল খেলায় অংশ নেবে ঠাকুরগাঁও দল। কিন্তু তাতেও রাজি হয়নি জাতীয় মহিলা ফুটবল ফেডারেশন।
সভায় বক্তব্য দেন অনূর্ধ্ব-১৪ ঠাকুরগাঁও মহিলা দলের খেলোয়াড় লাবণ্য রায়, রঞ্জনা, নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক আবদুল লতিফ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় অংশ নেওয়ার কথা ছিল ঠাকুরগাঁও জেলা মহিলা দলের।
