ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা না বাড়লে ডিএনসিসির উদ্যোগ কোনো কাজে আসবে না। গতকাল রবিবার রাজধানীর উত্তরায় ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু সচেতনতা র্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। র্যালিটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজউক কলেজে গিয়ে শেষ হয়। ওই সময় রাজউক কলেজ ও আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মেয়র বলেন, “সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এ জনসচেতেনতামূলক কাজ করছি। ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক। তবে এখনো নিয়ন্ত্রণে আছে। এরপরও যদি কারও জ্বর হয়, সেটি ডেঙ্গু কি না, তা দ্রুত শনাক্তের জন্য আমরা হাসপাতালগুলোতে বিনামূল্যে ‘ডেঙ্গু কিট’ দিচ্ছি।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘মশার ওষুধ একটি খুবই টেকনিক্যাল বিষয়। ইতিমধ্যে আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি।’
