‘শিশু ও নারীদের প্রতি যৌন সহিংসতার’ প্রতিবাদে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। উন্নয়ন সংস্থা বন্ধন সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে গতকাল রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বন্ধন সোশ্যাল ডেভেলপমেন্টের প্রোগ্রাম অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ। বক্তারা সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত এসব অপরাধের বিচার শেষ করার দাবি জানান। একই সঙ্গে তারা নারী ও শিশু নির্যাতনে জড়িতদের পক্ষে কেউ রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ এবং স্কুল পর্যায় থেকে নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
