‘প্রিয়া সাহা কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করেছেন’ সেই ব্যাখ্যা না শুনে তড়িঘড়ি কোনো আইনি ব্যবস্থায় না যেতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্রান্ডিং’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে একটা মেসেজ দিয়েছেন, তা হলো প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের
সুযোগ দিতে হবে এর আগে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা করা যাবে না। কাদের বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী (আ ক ম মোজাম্মেল হক) তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন, আমি তাকে প্রধানমন্ত্রীর মেসেজ জানিয়ে দিয়েছি। তাছাড়া প্রিয়া সাহার গ্রামের বাড়ির সব কিছু যেন নিরাপদে থাকে সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
সরকারের এমন অবস্থান হলেও প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রাষ্ট্র না চাইলে কেউ রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে না। মামলাও গ্রহণযোগ্য হবে না। প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা সেনসেটিভ বিষয় উল্লেখ করে কাদের বলেন, তিনি কেনই-বা এমন বক্তব্য দিলেন আগে তার বক্তব্য শুনব; এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে কাদের বলেন,‘ মার্কিন রাষ্ট্রদূত আমার বক্তব্য শুনেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আমি তাকে বলেছি, হি ইজ ভেরি হ্যাপি আমার মনে হয়, হি ইজ ভেরি স্যাটিসফায়েড। আমাদের ভাবনার সঙ্গে পজিটিভলি রেসপন্স করেছে দেখেছি।’
মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। মেট্রোরেল দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বড় প্রকল্প বাস্তবায়নে কিছুটা দুর্ভোগ হবে। এই সাময়িক দুর্ভোগ মেনে নেওয়ার জন্য নগরবাসীর কাছে অনুরোধ করছি। মেট্রোরেল ১টি নয় মোট ৬টি। ১ থেকে ৬টি মেট্রোরেল ঢাকায় হবে। প্রথমেই আমরা ৬ নম্বর রুটের কাজ শুরু করেছি। এরপরই ১ ও ৫ নম্বর মেট্রোরেল রুটের কাজ শুরু করব। এই রুটে পাতালরেলও থাকবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেট্রোরেল-৬ উদ্বোধন করা হবে। বাকি রুটগুলো ২০৩০ সালের মধ্যেই সম্পন্ন হবে।
