শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬ ও ২৭ জুলাই

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন এ তথ্য জানান।

এনটিআরসিএ জানায়, আগামী শুক্রবার (২৬ জুলাই) স্কুল (মাধ্যমিক) ও স্কুল-২ (সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা ও কারিগরি) পর্যায়ের ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে।

পরীক্ষায় স্কুলপর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন ও স্কুল-২ পর্যায়ে ৪ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের ৪৪টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। অন্যদিকে শনিবার (২৭ জুলাই) উচ্চমাধ্যমিক কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ৭৩টি কেন্দ্রে ৯২ হাজার ২৭৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। এনটিআরসিএর ওয়েবসাইটে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ছাড়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস দিয়ে পরীক্ষার সময় জানিয়ে দেওয়া হয়েছে।

এনটিআরসিএর চেয়ারম্যান দেশ রূপান্তরকে বলেন, ১৫তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি চূড়ান্ত। প্রিলিমিনারিতে পাস করা ১ লাখ ৫২ হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সব জেলার ট্রেজারিতে প্রশ্নপত্র পাঠানো হবে। পরীক্ষার দিন সকালে ট্রেজারি থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে। পরীক্ষার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা। ১৫তম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক মাস পর ১৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করে এনটিআরসিএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত