মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সেনপাড়া দূর্গাবাড়ি এলাকায় সোমবার ভোরে ছেলের বটির কোপে বাবা শাহেদ আলী (৬০) খুন হয়েছেন। ভোর ৫টার দিকে নিজ বাড়ির উঠানে ছেলের বটির কোপে ঘটনাস্থলেই মারা যান বাবা।
এ ঘটনায় পুলিশ ছেলে জাহিদ হাসানকে (২৭) আটক করেছে। নিহতের পরিবার ও পুলিশ ও জানিয়েছেন ছেলে জাহিদ মানসিক ভারসাম্যহীন।
নিহত শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ সবার বড়। বাবা শাহেদ আলী ঢাকায় ভাঙারি ব্যবসা করেন।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, তার ছেলে জাহিদ মানসিক ভারসাম্যহীন। পাবনার মানসিক হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিছুটা সুস্থ হলে দুই-তিন দিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
তিনি আরো জানান, সোমবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে স্বামী শাহেদ আলী ছেলে জাহিদ হাসানকে ওষুধ খাওয়াতে তাগিদ দেন। এ সময় আকস্মিক ছেলে জাহিদ বটি হাতে বাবা শাহেদ আলীর গলায় কোপ দেয়। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী জানান, ঘটনাস্থলেই বাবা শাহেদ আলী মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসানকে আটক করা হয়েছে।
