ফরিদপুরের সালথায় বাগানের একটি গাছের সাথে গলায় গামছা বাধা ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বনগ্রাম এলাকার একটি বাগানের পুকুর পাড়ে একটি নিম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ওই ব্যাক্তির নাম জাহাঙ্গীর মাতুব্বর (৩৫)। তিনি ঐ ইউনিয়নের বড়লক্ষ্মণদিয়া গ্রামের মৃত সালাম মাতুব্বরের ছেলে। জাহাঙ্গীর পেশায় একজন কৃষক। তিনি বিবাহিত এবং তার দুটি মেয়ে রয়েছে। তার স্ত্রী রুমা বেগম বিদেশে থাকেন।
জাহাঙ্গীরের চাচী ভানু বেগম জানান, গত রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। পরে সারারাত সে আর বাড়ি ফিরে আসেনি। সকালে বড়লক্ষ্মণদিয়া গ্রাম থেকে অন্তত এক কিলোমিটার দূরে বনগ্রাম এলাকার একটি বাগানের পুকুর পাড়ে একটি নিম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার জানান, গাছ থেকে লাশটি এলাকাবাসী পুলিশ যাওয়ার আগে নামিয়ে নিচে রাখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
তিনি বলেন, এ ব্যাপারে মৃতের চাচী ভানু বেগম বাদী হয়ে সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
