দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) খামার থেকে চারটি ময়ূরের বাচ্চা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে ময়ূরের বাচ্চা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ভেটেরিনারী অ্যান্ড এ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ডা. গাফফার মিয়া।
হাবিপ্রবির ভেটেরিনারী অ্যান্ড এ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ডা. গাফফার মিয়া বলেন, ‘হাবিপ্রবির রিসার্চ খামারে প্রায় বিলুপ্তি প্রজাতির বেশ কিছু প্রাণী আছে। মূলত এইগুলো আমরা বিভিন্ন রিসার্চ কাজে ব্যবহার করি। এই খামারটিতে তিনটি ময়ূর ছিল। সেই তিনটি ময়ূর দেড় মাস আগে চারটি বাচ্চা দেয়। গত রোববার রাতে সেই ময়ূরের চারটি বাচ্চা চুরি হয়ে যায়। কে বা কাহারা বাচ্চা গুলো চুরি করেছে সে বিষয়ে কোন হদিস পাওয়া যায়নি।
তিনি বাচ্চা চুরির বিষয়ে আরও বলেন, বাচ্চা গুলো চুরি হওয়াতে খুবই কষ্ট লাগছে। যে ময়ূরের বাচ্চা গুলো চুরি করেছে সে হয়ত জানেই না এইগুলো মূল্যবান জিনিস আমাদের কাছে। আমরা বাচ্চা চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখছি এবং চুরি হওয়া বাচ্চা গুলো যদি চোর ফেরত দেয় তাহলে খুবই খুশি হব।
