পুলওয়ামা হামলায় কাশ্মীরকে দুষলেন ইমরান

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০৩:৪৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত পুলওয়ামায় জঙ্গি হামলায় কাশ্মীরকে দোষ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তার দেশ জড়িত নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইমরান বলেন, ‘পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের কনভয়ে হামলার ঘটনাটি সম্পূর্ণ স্থানীয়। এর সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই।’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ের ওপর হামলা চালায় এক কাশ্মীরি যুবক। আদিল দার নামের ওই যুবক কাশ্মীরের বাসিন্দা হলেও, ভারত মনে করে এর সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে।

ইমরান বলছেন, ‘জইশ এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু এর সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। এটা স্থানীয়দের কীর্তি। পুরো কার্যকলাপ ওখান থেকেই নিয়ন্ত্রিত হয়েছে।’

ওই হামলার পর থেকেই নতুন করে ভারত-পাক সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। এই ঘটনার পর পাকিস্তান দাবি করেছিল, ভারত হামলার উপযুক্ত প্রমাণ দিতে পারলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত