শিল্পার কাছে পাঁচ সিনেমার প্রস্তাব

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:২৮ পিএম

বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির বয়স এখন ৪৪ বছর। এ বয়সেও নিজের রূপ ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি লন্ডনে পারিবারিক ভ্রমণে গিয়ে মজার কান্ড ঘটিয়েছেন নায়িকা। সেই মজার ভিডিও এখন ভাইরাল। ‘ধাড়কান’খ্যাত এই নায়িকা নিজেই তার ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে, একটি জাহাজের ওপর দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছেন শিল্পা শেঠি। অনেক বাতাসের মধ্যে জাহাজের ডেকে দাঁড়িয়ে মেরিলিন মনরোর সাজে সেজেছেন তিনি। এমন সময় বাতাস এসে উড়িয়ে নিতে চায় শিল্পার পোশাক। সঙ্গে সঙ্গে পোশাক ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। লজ্জা পেয়ে হাসতেও শুরু করেন।

এদিকে ১১ বছর পর অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি। ২০০৭ সালে ‘আপনে’ সিনেমায় তাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর যদিও ‘দোস্তানা’ ও ‘ঢিশক্যাঁও’ সিনেমার আইটেম ডান্সে দেখা গেছে তাকে। কিন্তু কোনো সিনেমায় অভিনয় করেননি। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ছেলে ভিভানের জন্মের পর ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। পরিবারকে সময় দেওয়ার জন্যই তার এই বিরতি। তবে ‘নাচ বলিয়ে’, ‘ঝলক দিখলা যা’, ‘সুপার ডান্সার’-এর মতো শোয়ের বিচারক হিসেবে নিয়মিত টিভির পর্দায় দেখেছেন ভক্তরা। তাছাড়া তার ফিটনেস ভিডিও দিয়ে সব সময়ই আলোচিত এই তারকা। তবে বেশি সময় লাগে এমন কাজে হাত দেননি এতদিন। এখন ছেলে ভিভান বড় হয়েছে। তাই তিনি অভিনয়ে ফিরছেন। এ বছর দুটি সিনেমায় তিনি হাত দিচ্ছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি অভিনেত্রী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শিল্পা বলেন, ‘আমার টেবিলে এ মুহূর্তে পাঁচটি স্ক্রিপ্ট পড়ে আছে। যেগুলো ভালো লাগবে, সেগুলোই করব।’ জানা গেছে, শিল্পার কামব্যাক সিনেমাটি প্রযোজনা করবেন রমেশ তৌরানি। এতে দিলজিৎ দোসাঞ্জ ও ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে শিল্পাকে। এর নাম এখনো ঘোষণা করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত