নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় ১০ জন হাসপাতালে

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৩৩ পিএম

নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের চারজনসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ধাড়িয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেনÑ ইনছান আলী (৩০), তার মা মোমেনা বেগম (৫৫), স্ত্রী আশা খাতুন (২০), ছেলে ইয়াসিন (৫), ধান লাগানো শ্রমিক টিপু মোল্যা (৪৫) ও তার ভাই মিটু মোল্যা (৪০), মোস্তাক মোল্যা (২৯), শরিফুল মোল্যা (৪৩), মোক্তার মোল্যা (৫০) ও কনক মোল্যা (৩৫)।

ইনছান আলীর স্ত্রী আশা খানম বলেন, ‘সকালে আমাদের পরিবারের চার এবং ধান লাগানো ছয় শ্রমিকসহ ১০ জনের জন্য ভাত, ডিম ও কাঁচকলা দিয়ে পোনা মাছের তরকারি রান্না করি। রান্না করার পর ঘরে রেখে এসে বাইরে থালাবাটি ধুয়ে পরিষ্কার করি। এ কাজ করতে ১৫ মিনিট সময় লাগে। এরপর আগে ছয় শ্রমিকের ভাত-তরকারি বিলে পাঠিয়ে দিই। আমরা খাওয়া দাওয়া করি। এরপর অসুস্থ হয়ে যাই।’

প্রতিবেশী রবিউল ইসলাম জানান, অসুস্থ হওয়ার খবর শোনার পর আমরা তাদের নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করি। শুধু ইনছান আলীর স্ত্রী ও সন্তানের চেতনা ফিরলেও অন্যরা অচেতন রয়েছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত জানান, খাবারের সঙ্গে বিষক্রিয়ায় সবাই অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসাসেবা চলছে। বিষক্রিয়া কেটে গেলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। নড়াইল সদর থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, ‘আমরা বিস্তারিত তথ্য নিচ্ছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি কেউ ঘটনা ঘটিয়ে থাকে তাহলে অব্যশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত