পেঁয়াজের ঝাঁজ

উপসচিবকে মিটিং থেকে বের করে দিলেন বাণিজ্য সচিব

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০২:৩০ এএম

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ট্রাক যাতে আরও বেশি পরিমাণে বাংলাদেশে ঢুকতে পারে, সে জন্য শুল্ক স্টেশনগুলো প্রতিদিন নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি খোলা রাখতে চিঠি দেওয়ার বিষয়ে বেশ কয়েক দিন আগে সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের এক উপসচিবকে শুল্ক স্টেশনগুলোতে চিঠি দেওয়ার জন্য বলা হয়। তবে গতকাল বুধবার পর্যন্ত সেই চিঠি না দেওয়ায় আদা, পেঁয়াজ, রসুনের মূল্য পরিস্থিতি নিয়ে চলমান বৈঠক থেকে ওই উপসচিবকে বের করে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যÑ পেঁয়াজ, রসুন, আদা, মসলার মূল্য স্থিতিশীল রাখা এবং গবাদি পশু পরিবহন সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও উপস্থিত ছিলেন।

বৈঠকে এক পেঁয়াজ আমদানিকারক বলেন, ‘ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ৩০০ থেকে ৪০০ ট্রাক সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকে। ঢাকার আমদানিকারকদের কাছে পেঁয়াজের বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ পুরোটাই ভারতের হাতে আর সীমান্তে যারা কাজ করেন তাদের হাতে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ পেঁয়াজের ট্রাক সোনামসজিদ আর ভোমরা কাস্টমস দিয়ে প্রবেশ করতে দেওয়া হলে পেঁয়াজ নিয়ে ঈদের দিন পর্যন্ত একটুও মাথাব্যথা থাকবে না।’

তখন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে তো একটা মিটিং করেছিলাম। এরপরও কি বেশি বেশি ট্রাক ঢুকতে পারছে না?’

জবাবে ওই ব্যবসায়ী বলেন, ‘আগে ৫০টি ট্রাক ঢুকতে পারত, এখন ৬০-৭০টি পারে। কিন্তু ১৫০ থেকে ২০০ গাড়ি ঢুকতে পারলে সমস্যা হবে না। তখন পেঁয়াজ থাকবে ২০ থেকে ২২ টাকার মধ্যে।’

তখন সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের ওই উপসচিবকে উদ্দেশ করে বলেন, ‘আমি যে কাস্টমস আরও এক ঘণ্টা বেশি খোলা রাখার জন্য চিঠি দিতে বলেছিলাম। সেটা কি দিয়েছেন?’ তখন উপসচিব আমতা আমতা করতে থাকেন। তারপর মফিজুল ইসলাম বলেন, ‘কই চিঠিটা দেখান।’ উপসচিব বলেন, ‘সাতক্ষীরার ডিসিকে দিতে বলা হয়েছে স্যার।’ এরপর সচিব বলেন, ‘আমি তো আপনাকে দিতে বলেছি। দিয়েছেন কি না?’ উত্তরে উপসচিব বলেন, ‘দেওয়া হয়নি স্যার।’

এ পর্যায়ে সচিব বলেন, ‘কেন দেননি..দেননি কেন? মিটিং থেকে আপনি উঠে যান। গিয়ে চিঠি দিয়ে আসেন।’ এরপর মিটিং থেকে উঠে চলে যান উপসচিব। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই উপসচিবের নাম জিন্নাত  রেহানা।

এরপর মিটিং চলা অবস্থায়ই বাণিজ্য সচিব সাতক্ষীরার ডিসির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। ডিসিকে সচিব বলেন, ‘তোমাকে অনুরোধ করেছিলাম যে, পেঁয়াজের ট্রাক যেন বেশি করে ঢুকতে পারে সে জন্য কী করতে পারলা?’

ডিসি বলেন, ‘ইতোমধ্যে এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি ট্রাক আসতে দিতে হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি দিতে হবে।’

বৈঠক চলা অবস্থায় সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত