শাসকগোষ্ঠীর নানা নিপীড়নের মধ্যেও বুক চেতিয়ে দাঁড়িয়েছেন একজন পপস্টার। তাকে নিয়েই রাজনৈতিক সংকট মোকাবিলার স্বপ্ন দেখছে উগান্ডার জনগণ।
বিবিসি জানায়, ২০২১ সালের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পপ গায়ক ববি ওয়াইনের নাম ঘোষণা করেছে বিরোধী দল।
আফ্রিকার বিভিন্ন দেশে একাধিক পারফর্ম করেছেন এই গায়ক। এমনকি দুবাইতেও শো করে গেছেন ওয়াইন।
৩৩ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনির বিরুদ্ধে লড়বেন ৩৭ বছর বয়সী এই পপ গায়ক।
প্রেসিডেন্ট মুসেভেনির দুর্নীতিসহ নানা স্বৈরাচারী সিদ্ধান্তের বিরোধিতা করে দারুণভাবে আলোচনায় চলে আসেন বিরোধী দলের এই এমপি।

বস্তি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। গানে গানে তিনি মানুষের মধ্যে একনায়কতান্ত্রিক সরকার পরিবর্তনে জোয়ার তুলেছেন। নিজেকে তিনি ‘বস্তিবাসীর প্রেসিডেন্ট’ বলেও অভিহিত করেন।
গত বছর প্রেসিডেন্টের বহরে ইটপাটকেল ছোড়ার ঘটনায় গ্রেপ্তার করা হয় ওয়াইনকে। তার ওপরে চালানো হয় অমানষিক অত্যাচার। যদিও তার ওপরে আনা অভিযোগ অস্বীকার করেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
রাজধানী কাম্পালায় নিজের প্রার্থিতা ঘোষণা করে ওয়াইন বলেন, “উগান্ডার জনগণের হয়ে আমি প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাচ্ছি।”

অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে তিনি আরও বলেন, “আমি জানি মুসেভেনিকে চ্যালেঞ্জ করতে যাওয়াটা কতখানি বিপদের। কিন্তু উগান্ডার জনগণই আমাকে সেই সাহস জুগিয়েছে। আমাকেই তারা নেতা হিসেবে দেখতে চায়।”
এই গায়ক নেতার মূল নাম রবার্ট কিয়াগুলানি। দুই বছর ধরে তিনি দেশটির পার্লামেন্টের এমপি। তিনি নিজেকে গরিব মানুষের প্রতিনিধি হিসেবে দেখেন। গানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মতো প্রচার করে আলোচিত হন।
