মুলারের সাক্ষ্যে ট্রাম্পের স্বস্তি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১০:১৭ পিএম

হোয়াইট হাউজ থেকে বেরিয়ে স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ীর বেশে বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে হাজির হলেন। তিনি জানালেন, মার্কিন কংগ্রেসে সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের সাক্ষ্য তার ও দল রিপাবলিকান পার্টির জন্য ‘খুব ভালো দিন’ নিয়ে এলো। সাক্ষ্য শেষে ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা কিছুই পাননি।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে রবার্ট মুলার তার ৪৫০ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখিত সম্ভাব্য অপরাধের ঘটনাগুলো ঘটার বিষয়টি নিশ্চিত করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে রেহাই না দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আশা ডেমোক্র্যাটরা দেখেছিলেন, তার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অথচ দিনটির শুরুতে ট্রাম্প দৃশ্যত শঙ্কায় ছিলেন।

মুলারের সাক্ষ্যের কথা শুনে ট্রাম্পের বুধবারটা শুরু হয় মিত্রদের ফোন করে ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক পরিচালকের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণাত্মক টুইট করে। তিনি রবার্ট মুলারের সাক্ষ্যের বিশ্বস্ততা নিয়েও প্রশ্ন তোলেন। তবে সাক্ষ্যের সময় মুলারের বারবার থামা ও অতি অল্প কথা ডেমোক্র্যাটদের বিশেষ মুহূর্ত পাওয়ার স্বপ্ন ভেঙে দেয়। তাদের অভিশংসন শুরুর আশা ভেস্তে যায়। আর ট্রাম্পের বিরক্তি রূপ নেয় বিজয়ীর হাসিতে।

ট্রাম্প বলেন, ‘এটি (বুধবার) ছিল আমাদের দেশের জন্য খুব বড় একটা দিন; এটি রিপাবলিকান পার্টির জন্যও খুবই বিশাল দিন এবং আপনারা বলতে পারেন, এটি আমার দিন বিশাল এক দিন।’ তিনি আরও বলেন, ‘ডেমোক্র্যাটদের আর কিছুই রইল না; তারা কিছুই পায়নি এবং আমি মনে করি, তারা যে পথ বেছে নিয়েছে, তাতে ২০২০ সালের নির্বাচনে বড় ব্যবধানে হারার পাশাপাশি কংগ্রেসের আসনও হারাবে।’

মুলারের সাক্ষ্যের বিশেষ দিকগুলো নিয়ে জিজ্ঞেস করা হলে ট্রাম্পকে দৃশ্যত হতাশ ও বিরক্ত মনে হয়েছে। বিশেষ কৌঁসুলি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলে ট্রাম্পকে অভিযুক্ত করা যাবে। তবে ট্রাম্পের দাবি, মুলার তার বক্তব্য শুধরেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত