কিউবা বিপ্লবের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘ন্যাশনাল কমিটি অব সলিডারিটি উইথ কিউবা’ এবং ‘অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’-এর আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছেন চে গুয়েভারার কন্যা অ্যালেইদা গুয়েভারা।
বাবার মতো তিনিও চান আবার বামপন্থা ফিরে আসুক। তাতে সমাজের লাভ হবে বলে বিশ্বাস করেন তিনি।
কিউবার প্রবাদপ্রতিম কবি হোসে মার্তির কবিতা উচ্চারণ করে বললেন, আমার কাছে সব সময় দু’টি সাদা গোলাপ থাকে। একটি মিত্রকে দেওয়ার জন্য। অন্যটি, শত্রুকেও!
গোটা দেশে বামেদের কোণঠাসা হয়ে পড়া প্রসঙ্গে বললেন, ভারতবাসী কীভাবে ভোট দেবেন, সেটা নিয়ে তো আমাদের কিছু বলা সাজে না। কিন্তু বামেরা শক্তিশালী হলে সমাজের ভাল।
বাবা চে গুয়েভারা বলছেন, চে মানুষের মনে রয়ে গিয়েছেন। থাকবেনও। তিনি একটা ভাল পৃথিবীর জন্য আজীবন লড়ে গিয়েছেন। তার আদর্শ অনুসরণ করতে হবে।
ষাট বছর আগে ভারত সফরে এসেছিলেন চে। অ্যালেইদার কথায়, তিনি এসে এই দেশের সংস্কৃতির আঁচ নিয়ে গিয়েছিলেন। কলকারখানার মানুষদের সঙ্গে কথা বলেছিলেন। আজ আমি এসেছি। চে নেই। কিন্তু তার মতো অনেক নারীপুরুষ রয়েছেন। যারা অধিকার আদায়ের জন্য লড়াই করছেন।
জানালেন, ভারত সম্পর্কে প্রবল আগ্রহ রয়েছে কিউবায়। প্রতি শুক্রবার সেখানকার চ্যানেলে ভারতীয় ছবি দেখানো হয়।
পেশায় ডাক্তার এবং সমাজকর্মী অ্যালেইদা যখন ৬ বছরের, তখন তার বাবা নিহত হন বলিভিয়ার জঙ্গলে। জানালেন, বাবার স্মৃতি কিছু কিছু রয়েছে তার। বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার সঙ্গে আমরা লড়াই করে চলেছি। ওরা আমাদের মাথা নোয়াতে পারেনি। আর পারবেও না। কারণ আমরা একজোট। আর আমরা ভালবাসতেও জানি।
