মায়াবী বনসাই’ প্রদর্শনী শুরু

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:১৫ এএম

দুই শতাধিক নানা প্রজাতির বনসাই নিয়ে রাজধানীর বেইলি রোডের নাটক সরণিতে শুরু হয়েছে তিন দিনের প্রদর্শনী ‘মায়াবী বনসাই’। গতকাল বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়–য়া। এটি বনসাইশিল্পী লায়লা আহমেদের তৃতীয় একক প্রদর্শনী।

প্রায় দুই দশক ধরে চর্চা করে আসা এ শিল্পীর প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাহারি সব গাছ ও ফুলের বনসাই। নান্দনিক ল্যান্ডস্কেপিংয়ের সঙ্গে আছে বট, পাকুড়, যজ্ঞডুমুর, হিজল, কাঠমালতি, নিশিন্দা, জারুলের বনসাই। একই গাছকে নানা আকার দিয়ে উপস্থাপন করেছেন শিল্পী লায়লা। প্রদর্শনীতে রাধাচূড়া, তেঁতুল, অর্জুন, তমাল, কাঁঠালিচাঁপা, বাগানবিলাস, শেওড়া, রঙ্গন ইত্যাদি গাছের বনসাইও নজর কাড়বে। প্রদর্শনী আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

লায়লা আহমেদ বলেন, ‘ঢাকায় যেভাবে দালানকোঠা গড়ে উঠছে, তাতে খোলা জায়গা ও গাছপালা কমে যাচ্ছে। আমরা চাইলেও বড় গাছ লাগাতে পারছি না। অল্প জায়গায় ও ছোট পাত্রে তৈরি করা যায় বলে নানা রকমের বনসাই দিয়ে ঘরের ভেতরে বা ছাদে বাগান করতে পারি।’ উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনসাইশিল্পী মহসিন খান ও তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত