রাজধানীর উত্তরায় একটি ভবনে লিফট চাপায় সাগর চন্দ্র বর্মণ (২৪) নামে এক লিফট মেরামতকারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১ টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২/বি নম্বরের ৬ তলা ভবনে লিফট মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেন।
লিফট মেরামতকারীর সহকর্মী মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ৬ তলা আবাসিক ভবনের নিচ তলায় লিফট মেরামত করছিলেন তারা দুজন। নিচতলায় লিফটের ওপরে বসে কাজ করছিলেন সাগর। কাজের একপর্যায়ে হঠাৎ লিফট চালু হয়ে দ্রুত ওপরের দিকে উঠতে থাকে। পরে ৬ তলায় গিয়ে থেমে যায়। ততক্ষণে সাগরের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেঁতলে যায়।
লিফট নিচে নামিয়ে রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার সদর থানার নারায়নপুর গ্রামের বাসিন্দা হরিবন্ধু চন্দ্র বর্মণের ছেলে সাগর। রাজধানীর মহাখালী রসুলবাগে থাকতেন।
