সাংবাদিক, লেখক ও রাজনীতিবিদ মাহফুজা খাতুন বেবী মওদুদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জ) স্মরণসভা হয়েছে। এতে অংশ নেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শেখ হাফিজুর রহমান ও শামসুজ্জামান খান। সভা আয়োজন করে তার শুভানুধ্যায়ীরা।
১৯৪৮ সালের ২৩ জুন কলকাতায় বেবী মওদুদ জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল মওদুদ ছিলেন বিচারপতি। মায়ের নাম হেদায়েতুন নেসা। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও ১৯৭১ সালে মাস্টার্স করেন তিনি। মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার সময় বেবী মওদুদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যোগ দেন। ১৯৬৭ সাল থেকে তিনি দৈনিক সংবাদ, সাপ্তাহিক ললনা, দৈনিক ইত্তেফাক, দৈনিক মুক্তকণ্ঠ ও সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেন। বিবিসির বাংলা বিভাগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি রকমারি বিষয়ে নিয়মিত লেখালেখি করতেন বেবী মওদুদ।
