জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা এ মুহূর্তে নেওয়া উচিত হবে না, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের নিয়ে ভুল বার্তা পৌঁছায়। এ বিষয়ে নজর দেওয়া জরুরি। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কক্সবাজার ফোরাম আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা : মহাসংকটে কক্সবাজার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে রোহিঙ্গারা জামাই আদর পাওয়ার কথা। বাংলাদেশ যদি তাদের জামাই আদর করে থাকে, তা হলে সরকারকে সাধুবাদ জানাব। কক্সবাজারবাসী আছেন, তারা হয়ত আমার কথায় দ্বিমত পোষণ করতে পারেন। আমি কখনো মনে করি না রোহিঙ্গাদের ভাসানচর বা অন্য কোনো জায়গায় স্থানান্তর করা উচিত।’ তিনি বলেন, ‘যদি অন্য কোনো জায়গা বাছাই করে রোহিঙ্গা শরণার্থীদের সেখানে পাঠানো হয়, তা হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছাবে যে, আমরা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত না হলেও দীর্ঘকালীন একটি বন্দোবস্ত করেছি। তখন সেটা দেখে আন্তর্জাতিক মহল মুচকি মুচকি হাসবে। তারা ভাববে বিষয়টি হয়তো সমাধান হয়ে যাচ্ছে। এই বার্তাটি আন্তর্জাতিক মহলে কখনো দেওয়া উচিত হবে না।’
