স্বেচ্ছাসেবকলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, দাউদকান্দিতে ১৪৪ ধারা

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০২:০১ পিএম

দাউদকান্দিতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপের উত্তেজনা এবং একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাউদকান্দি পৌর সদরের কোথাও কোনো প্রকার সভা-সমাবেশ করতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে মাইকিং করাসহ সভাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ২৭ জুলাই শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী পালন উপলক্ষে পৌরসদরের উপজেলা আ্ওয়ামী লীগ কার্যালয়ের সামনে র‌্যালি ও সমাবেশের ডাক দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক খন্দকার শাহজাহান।

একই স্থানে সমাবেশ করার লক্ষ্যে বিবদমান আরেকটি গ্রুপ প্রস্তুতি নিচ্ছে  গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

সহকারী পুলিশ পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ও মডেল থানার ওসি রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, স্বেচ্ছাসেবকলীগের রজতজয়ন্তী পালনকে কেন্দ্র করে স্থানীয় দু’টি গ্রুপ একই স্থানে সভা ডাকায় দুই গ্রুপেই চরম উত্তেজনা দেখা দেয়। এই উত্তেজনা যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সভাস্থলে দুই প্লাটুন অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত