পেন্টাগন তহবিল থেকে আড়াইশ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারপতির দেওয়া রায়ের কারণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের রাষ্ট্রীয় তহবিল ব্যবহার আটকে গিয়েছিল।
বিবিসি জানায়, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন শুক্রবার দেয়াল নির্মাণে তহবিলের জোগান দেওয়ার পক্ষে ভোট দেন।
২০১৬ সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণ তার অন্যতম।
মেক্সিকো সীমান্ত হয়ে অবৈধ অভিবাসী প্রবেশ আটকাতে তিনি এই দেয়াল নির্মাণ করতে চান। এটি নিয়ে তিনি অনেক হইচই করেছেন। দেশে দীর্ঘ অচলাবস্থাও সৃষ্টি করেছিলেন।
সুপ্রিম কোর্টের এই রায়ের অর্থ ট্রাম্প ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকোতে সীমানা প্রাচীর নির্মাণে আদালত অনুমোদিত অর্থ ব্যবহার করতে পারবেন।
