কোরবানি ঈদের আগেই নীলফামারীর ডোমার উপজেলা শহরে চলাচলের অযোগ্য প্রধান সড়কটি সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শহরবাসী।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের রেল ঘুমটি মোড়ে ‘প্রতিবাদী ডোমারবাসীর’ ব্যানারে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা কোরবানি ঈদের আগে সড়কটি সংস্কার না হলে ১৮ আগস্ট উপজেলা শহরে অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দেন। এর আগে একই দাবিতে উপজেলা শহরে একাধিকবার মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হলেও কাজের অগ্রগতি না হওয়ায় নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমকে ডোমারে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।
সমাবেশে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মো. আইয়ুব আলী, দন্ত চিকিৎসক ওমর ফারুক প্রমুখ।
এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, ওই সড়কের কাজের দরপত্র হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে, এখন বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না।
