গোসল করতে নেমে ধানমণ্ডি আইডিয়ালের ৩ ছাত্র নিখোঁজ

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০২:০৬ এএম

দেরি হওয়ায় কলেজে ঢুকতে না পেরে গতকাল রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ১২ শিক্ষার্থী সাভার ঘুরতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তাদের মধ্যে তিনজন।

নিখোঁজরা হলোÑ শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯), শেওড়াপাড়া এলাকার মেহেদি হাসান (১৮) এবং সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার আবু বক্কর তালুকদারের ছেলে আকাশ (১৮)। খবর পেয়ে সাভার         

ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। এ ছাড়া টঙ্গী থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দলও তাদের উদ্ধারে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

শিক্ষার্থী মোকাদ্দিম বলে, ‘দেরি হওয়ায় আমাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। তাই সহপাঠী আকাশের সঙ্গে সাভারে ঘুরতে আসি। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীতে গোসল শেষে ওপরে উঠে দেখি আকাশ, রাজন ও মেহেদি স্রোতের কারণে দূরে চলে যাচ্ছে। এ সময় জিহাদ ও নাহিদ তাদেরকে টেনে তোলার চেষ্টা করে। কিন্তু তারা ডুবে যায়।’ আরেক শিক্ষার্থী ইমন জানায়, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তাদের কলেজে ক্লাস হয়। তারা ৫ মিনিট দেরিতে কলেজে পৌঁছলে নিরাপত্তাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। পরে আকাশের সঙ্গে রাজন, মেহেদি, মোকাদ্দিম, জিহাদ, নাহিদ, কিবরিয়া, হাসিব, রাউফুন, মানিক, জিসামসহ তারা সাভারে যায়। একপর্যায়ে গোসল করার জন্য নদীতে নেমে রাজন, মেহেদি ও আকাশ তলিয়ে যায়।

এদিকে তিন শিক্ষার্থী নিখোঁজের খবরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও স্থানীয় প্রশাসন। নিখোঁজ ছাত্রদের স্বজনদের কান্নায় নদীতীরের বাতায় ভারী হয়ে ওঠে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, দুটি ইউনিটসহ ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তারা কোথায় ডুবে গেছে সেই জায়গাটি সুনির্দিষ্ট করে বলতে না পারায় এবং অনেক স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত