কুড়িগ্রামকে দুর্গত এলাকা ঘোষণার দাবি ফখরুলের

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০২:১০ এএম

এবারের বন্যায় কুড়িগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জেলাটিকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকেলে জেলার সদর উপজেলার আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, সরকারের যেহেতু কোনো দায়দায়িত্ব নেই, জনগণের দ্বারা নির্বাচিত নয়, সে কারণে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে তাদের দ্বিধা রয়েছে।

এবারের বন্যায় কুড়িগ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বন্যাদুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

‘বিএনপি অফিস গুজবের কারখানা’Ñ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ওনারা কী বলেন তাতে কিছু যায় আসে না। তারা সত্য কথা তো বলেনই না, জনগণের পাশেও তারা নেই। জনগণের অধিকার কেড়ে নিয়ে বসে আছেন, সে জন্য আমরা কোনো গুরুত্ব দিই না।

এখানে তিন শতাধিক বানভাসির মাঝে ত্রাণ বিতরণ করেন মির্জা ফখরুল। এরপরে তিনি উলিপুর ও চিলমারী উপজেলায় ত্রাণ বিতরণ করেন।

জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব অ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল-ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

প্রসঙ্গত, এবারের বন্যায় কুড়িগ্রামের ৬০টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৬৭২টি পরিবারের নয় লাখের বেশি মানুষ। পানিতে ডুবে জেলায় মারা গেছে মোট ১৯ জন। নিখোঁজ রয়েছে আরও দুই জন। জেলার ৮৯৪টি গ্রামের দুই লাখের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে ১৯ হাজার ৬৩৮ হেক্টর জমির ফসল।  জেলায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ২৬টি। বন্যার কারণে পাঠদান বন্ধ আছে ৫৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে।

এর আগে দুপরে তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকায় এক হাজার ১ হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত