মিয়ানমারের জেড খনি ধসে ১৮ জনের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:০৬ এএম

মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে এক পুলিশসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল রবিবার সকালের এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন।

মিয়ানমারের পুলিশ জানিয়েছে, তাদের একটি গার্ড পোস্ট মাটি ও কাদার নিচে চাপা পড়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় জেড খনিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। সরকার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

ঘটনাস্থল থেকে হপাকান্ত এলাকার পুলিশ প্রধান উয়িন অঙ জানান, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও চারজন নিখোঁজ রয়েছেন, তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ চারজনের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। মে থেকে অক্টোবর পর্যন্ত সময় মিয়ানমারে বর্ষা মৌসুম চলে। এ সময়টিতে হপাকান্তের সব খনিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল মিয়ানমার সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত