রাজশাহীতে রাতে এটিএম বুথ বন্ধ

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০২:০৫ এএম

ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েক মাস ধরে রাজশাহীতে বিভিন্ন ব্যাংকের বুথ রাত ১২টা থেকে সকাল (৬টা-৮টা) পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। এতে জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। তবে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক আসগার হোসেন বলছেন, নিরাপত্তার স্বার্থে রাতে বুথগুলোর গেট নামিয়ে রাখা হলেও কেউ ডাকলে খুলে দিতে প্রহরীকে নির্দেশনা দেওয়া আছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্প্রতি এক আত্মীয়ের ভর্তির খবরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান নগরীর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতাউর রহমান। ওষুধ কেনার জন্য টাকার জরুরি প্রয়োজন হওয়ায় পাশে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে গিয়ে দেখেন সেটি বন্ধ। এরপর আশপাশের বিভিন্ন বুথে গিয়েও সবগুলোই বন্ধ পান তিনি। আতাউর দেশ রূপান্তরকে জানান, লক্ষ্মীপুর থেকে সাহেববাজার পর্যন্ত চার-পাঁচটি বুথে গিয়ে সবগুলোই বন্ধ পাওয়া যায়। গেটে ধাক্কা দিলে ভেতর থেকে বলা হয়, সকালে আসেন। জরুরি জানালেও রাতে হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশ আছে সারা রাত বুথ খোলা রাখার। কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্দেশে রাত ১২টার পর নিরাপত্তার খাতিরে বুথগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী রাত ১২টার পর থেকে স্থানভেদে সকাল ৬টা-৮টা পর্যন্ত বুথ বন্ধ রাখা হয়।’

সরেজমিনে দেখা গেছে, রাত ১২টার পর বুথ বন্ধ করে দেন নিরাপত্তা প্রহরীরা। একটু মফস্বলের দিকে রাত ১০টার পরই তা বন্ধ করে দেওয়া হয়। মধ্য শহরে রাত ১টা-২টা পর্যন্ত খোলা থাকলেও জনসমাগম কমার সঙ্গে সঙ্গেই বুথ বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে জানাতে চাইলে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রওশন আলী দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের নির্দেশ আছে দিন-রাত ২৪ ঘণ্টা (বুথ) খোলা রাখার। রাজশাহীর সব ব্যাংককে এ বিষয়ে নির্দেশ দেওয়া আছে। তবে যদি কেউ এ আইন না মানে সে ব্যাপারে আমাদের লিখিত অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত