যশোরের বেনাপোলে আটক টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে টেকনাফ থানা পুলিশ। ওই সময় বাড়ি থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রবিবার বিকেল ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে ৫০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি অস্ত্র ও ২৫টি গুলি।
গত ২৫ জুলাই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দেওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভারতে পাড়ি দেওয়ার সময় বেনাপোল সীমান্তে গ্রেপ্তার টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক।
তিনি বলেন, “অভিযানের সময় তার (চেয়ারম্যান) বাড়িতে জেনারেটরের পাশে বিশেষ কৌশলে বস্তাভর্তি রাখা অবস্থায় ৫০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শাহজাহানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।“”
ওসি আরও বলেন, “শাহজাহানের বিরুদ্ধে এখনো মাদক ব্যবসায় সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর থেকে শনিবার টেকনাফ আনা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র থাকার তথ্য স্বীকার করে। পরে রোববার বিকেলে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।”
