রাজধানীর যাত্রাবাড়ীতে অসুস্থ মাকে মারধর করায় দুই ভাই বোন মিলে বাবাকে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ওই নিহত ব্যক্তির দুই সন্তানকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ব্যক্তির নাম মহিবুল্লাহ (৬২)। গ্রেপ্তার দুই ভাইবোন হলেন- শামীম হাসান ও মেয়ে মহসিনা আফরোজ প্রীতি।
পরিদর্শক শাহিনুর বলেন, “পারিবারিক কলহের জেরে ছেলে-মেয়ে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
পুলিশ জানায়, রোববার রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে মোমেনবাগের সালাহউদ্দিন আহমেদ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এক বাড়িতে ওই হত্যাকাণ্ড ঘটে।পরে পুলিশ খবর পেয়ে ভোরের দিকে সেখানে গিয়ে মহিবুল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বাবাকে খুনের অভিযোগে গ্রেপ্তার শামীম ও প্রীতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাদের বাবা প্রায়ই তাদের অসুস্থ মাকে মারতেন। গত রাতে মারধর করার সময় তারা বাধা দিতে গেলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে প্রীতি সিরামিকের মগ দিয়ে মাথায় আঘাত করলে মহিবুল্লাহ লুটিয়ে পড়েন।
মহিবুল্লাহর দুই ছেলেমেয়ের মধ্যে শামীম ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এবং প্রীতি কবি নজরুল কলেজে পড়ছিলেন। তাদের মা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় চলাফেরার ক্ষমতা নেই।
শাহিনুর বলেন, বিষয়গুলো যাচাইবাছাই করে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
