সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়ায় পাঁচ বছরের নাতনিকে ধর্ষণের দায়ে দাদা আবদুস সাত্তারকে (৭০) সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ প্রদান করেন।
এই আদালতের স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাবলু জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাস পাড়া মহল্লার আবদুস সাত্তার ও তার ছেলে পরিবারসহ একই বাড়িতে বসবাস করতেন।
গত ২০১৭ সালের ১৯ আগস্ট দুপুরে আবদুস সাত্তার তার নাতনিকে (৫) তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় শিশুটির ডাক-চিৎকারে তার মা এগিয়ে গেলে ধর্ষক আবদুস সাত্তার পালিয়ে যায়। এ সময় মেয়েটি তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় তার মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করে।
পরে শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আদালতে রিপোর্ট দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
