ব্রাজিলে কারাদাঙ্গায় নিহত ৫৭

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১০:৪৫ পিএম

ব্রাজিলের পারা রাজ্যের আলতামিরা কারাগারে কয়েদিদের মধ্যকার দাঙ্গায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ৫ ঘণ্টার লড়াইয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আলতামিরা কারাগারে সোমবার সকাল ৭টার দিকে শুরু হওয়া দাঙ্গায় নিহতদের মধ্যে ১৬ জনের মাথাকাটা লাশ উদ্ধার করা হয়। মাথাকাটা কয়েদিদের মধ্যে কমান্ডো ক্লাসি এ (সিসিএ) ও কমান্ডো ভারমেলহো (রেড কমান্ড) গ্যাংয়ের সদস্যরা রয়েছে।

এই দুই গ্যাংয়ের সদস্যরা কারাগারের দুটি পৃথক ব্লকে থাকতেন। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, কারাগারের একটি অংশে আগুন দেওয়া হয়েছে। অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। দাঙ্গার সময় জিম্মি করা দুই কারা কর্মকর্তা পরে মুক্তি পেয়েছেন। ব্রাজিলের আলতামিরা কারাগার ২০০ বন্দি থাকার উপযোগী হলেও সেখানে রাখা হয়েছে ধারণক্ষমতার চেয়ে বেশি ৩১১ বন্দিকে।

ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল। এ ছাড়া, গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনে দাঙ্গায় নিহত হয়েছিল ৪০ জন। ২০১৭ সালের শুধু জানুয়ারি মাসেই কারাদাঙ্গায় দেশটিতে ১৩০ জনের মৃত্যু হয়। দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও তাতে কোনো কাজ হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত