রাজশাহীতে ডিসি অফিস ঘেরাও

বালু ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১০:৪৮ পিএম

রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল চালু ও আট শ্রমিকের মুক্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছেন বালু ব্যবসায়ী ও শ্রমিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের হড়গ্রাম কোর্ট  স্টেশন মোড় থেকে রাজশাহীর বালু ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা ডিসি অফিস চত্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে তারা অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন বালু ব্যবসায়ী বাবর আলী, হাসান আলী, মাহাফুজুর রহমান, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুর সাত্তার, জহির উদ্দিন কেতু, সাইফুল ইসলাম, খায়রুল বাশার, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল, জনি ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে কয়েকজন বালু ব্যবসায়ী জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন। স্মারকলিপিতে দ্রুত বালুমহাল চালু ও শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়।

বালু ব্যবাসয়ী বাবর আলী জানান, জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা নেওয়া বৈধ বালুমহালটি বন্ধ করে দিয়ে প্রায় এক হাজার শ্রমিককে কর্মহীন করে দিয়েছে। এছাড়া এ বালুমহালের সঙ্গে জড়িত ৮০ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও বলেন, বৈধ বালুমহাল থেকে আট শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিনা অপরাধে তারা এখন কারাগারে। তাদের জামিনের আবেদনের জন্য ভ্রাম্যমাণ আদালতের রায়ের কপি প্রয়োজন। কিন্তু সেটিও আমাদের দেওয়া হচ্ছে না।

জানা গেছে, নিয়ম ভঙ্গের অভিযোগে গত ২৪ জুলাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহাল বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে আট শ্রমিককে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ওই আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত