নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ডেঙ্গুকে ‘ন্যাচারাল গজব’ বলে মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে ‘নমরুদ’ এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘দেশে তিন বছরের বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে। দেশে পাপাচার হয়, এটাই ন্যাচারাল গজব। আমাদের সবাইকে সচেতন হতে হবে’।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে ফগার মেশিন ও মশক নিধন ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংসদ বলেন, ‘এডিস মশা দেখতে কেমন? সেটি দেখতে কালো না সাদা দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে তুমি তোমার বাড়িঘর পরিষ্কার রাখো, সবাইকে সচেতন করো। মশা কামড়াতে পারবে না। মশা বিনা কারণে আসে না। এই মশার উদ্ভব আসছে নমরুদের সময়। নমরুদ যখন অনাচার করছিল দুনিয়াতে। একটা মশা এসে তার নাক দিয়ে ঢুকে গিয়েছিল। ওই মশার নাম কি ছিল আমি জানি না। মশার অত্যাচারে সে তার মাথায় বাড়ি দিতে বলছিল। মশা দিয়ে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন’।
শামীম ওসমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল মধ্যে একটা ফতুল্লায় আরেকটি সিদ্ধিরগঞ্জে। অথচ হাসপাতাল দুটির কোন অস্তিত্ব নাই। দুটি হাসপাতালে ২৪ জন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। তারা এ দুটি হাসপাতালের নামে প্রতি মাসে বেতন পাচ্ছে। ২০১৩ সাল থেকে দুটি হাসপাতালের ২৪ জন ডাক্তার প্রতি মাসে মাসে বেতন তুলে নিচ্ছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।
