ফেনীর সোনাগাজীতে চেতনানাশক ছিটিয়ে দুই পরিবারের সবাইকে অচেতন করে ২২ ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। নারী ও শিশুসহ সাতজনকে অচেতন অবস্থায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের আবদুল গফুর কোম্পানির বাড়িতে সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ২টার দিকে ১০-১২ সশস্ত্র দুর্বৃত্ত আবদুল কাদের কোম্পানির ঘরে ঢুকে চেতনানাশক ছিটিয়ে অচেতন করে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ১ লাখ টাকা লুটে নেয়। একই সময় একই বাড়ির প্রতিবেশী ওবায়দুল হক কোম্পানির ঘরে ঢুকে চেতনানাশক ছিটিয়ে ঘরের সবাইকে অচেতন করে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা লুটে নেয়।
স্থানীয়রা গতকাল সকালে অচেতন অবস্থায় দুই পরিবারের আবদুল কাদের, ফুলরা বেগম, আশকিরা বেগম, আরজু আক্তার, পারভীন আক্তার, তাহমিদুল আলম ও জান্নাতুল ফেরদৌসকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।
