ঢাবিতে নীল দলের ভিসি প্যানেল চূড়ান্ত

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল ভিসি প্যানেল চূড়ান্ত করেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আওয়ামীপন্থি শিক্ষকদের বৈঠকে তিন সদস্যের প্যানেল চূড়ান্ত হয়।

প্যানেলে থাকা নীল দলের তিনজন হলেনÑ উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল। দলের সদস্যদের ভোটে এই তিনজনের নাম চূড়ান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট, উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে মনোনীত হয়েছেন। এ ছাড়া ভিসি প্যানেলে জায়গা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। অধ্যাপক নাসরিন আহমদ ২৮ ভোট ও মীজানুর রহমান ২০ ভোট পেয়েছেন। এর আগে সন্ধ্যায় নীল দলের শিক্ষকরা তিন সদস্যের প্যানেল ঠিক করতে বৈঠকে বসেন। বৈঠকে থাকা কয়েকজন সদস্য জানিয়েছেন, নীল দলের শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সবাইকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত