১০ তলায় গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় গৃহকর্ত্রী আটক

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৪:২৬ এএম

রাজধানীর শান্তিনগরের সার্কিট হাউজ রোডের অ্যাপার্টমেন্ট ‘গাউছিয়া ডাইনেস্টি’ নামক ১৫ তলা ভবনের ১০ তলায় গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় ফ্ল্যাট মালিককে আটক করেছে পুলিশ। রমনা থানার ওসি কাজী মইনুল হোসেন মঙ্গলবার রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফ্ল্যাট মালিক লাভলী রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তিনি নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করেছেন। খাদিজা বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না করায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

বিকেলে যে গৃহকর্মী তার বাসার বারান্দায় ঝুলে ছিল তার নাম খাদিজা। লাভলীর দাবি, খাদিজা ও হেলেনা তার দুই গৃহকর্মী। তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার একপর্যায়ে খাদিজা বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে ঝুলে থাকে।

লাভলী জানান, আবু বকর নামে এক ব্যক্তি খাদিজাকে কাজে দিয়েছেন। আবু বকর খাদিজার মামা এবং তিনিই এক বছর আগে খাদিজাকে লাভলীর কাছে রেখে যান। খাদিজার বাড়ি সিলেটে।

ওসি বলেন, লাভলীর বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য জানার চেষ্টা চলছে। এখানে তার অবহেলা বা ভিন্ন কিছু পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত