প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম মারা গেছেন

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৯:৩৬ এএম

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

আতাউল হাকিম এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামের দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন। সাংবাদিকতার পাশাপাশি রম্য লেখক হিসেবেও তিনি সবার কাছে পরিচিত ছিলেন।

বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর রাউজান পৌরসভার ছিটিয়াপাড়ায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আতাউল হাকিমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত