টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১০:২০ এএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহিম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, তিনি ইয়াবা কারবারি।

বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সৈয়দ আলীর ছেলে।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ উপজেলার খুরেরমুখ এলাকায় বিজিবির চেকপোস্টে একটি সিএনজিকে তল্লাশি করার জন্য থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু সংকেত অমান্য করে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিএনজিটি। এসময় বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে সিএনজিটি তল্লাশি করে ২০ হাজার পিচ ইয়াবা, একটি দেশীয় এলজি ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় আহত এক যুবককে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত