ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সুপারভাইজারকে কারাদণ্ড

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৩:৪৪ পিএম

তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এ প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ সাঈদকে (২৫) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান।

বুধবার পুরোনো ঢাকার জনসন রোডে এডিস লার্ভা শনাক্তকরণে ডিএসসিসি পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

এর আগে ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বক্তৃতা করেন।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন দিন  এ পরিস্থিতি জটিল হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে এটি মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছে।

ডিএসসিসি মেয়র বলেন, আশা করছি সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত উদ্যোগে আমরা দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো।

তিনি বলেন, “আমরা ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট চালাচ্ছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ পিছপা হবে না।”

এসময় শিক্ষার্থীদের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে এরোসল বিতরণের অংশ হিসেবে কলেজ অধ্যক্ষের হাতে এরোসলের কার্টুন তুলে দেন মেয়র খোকন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত