রাহুল গান্ধী সরে যাওয়ার পর পদটি খালি পড়ে আছে। কে আসবেন দায়িত্বে সেটি জানা যাবে এই সপ্তাহে। কংগ্রেসের শীর্ষ নেতাদের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
অনেকেই ভেবেছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী দায়িত্ব নিতে পারেন। কিন্তু রাহুল নাকি জানিয়ে দিয়েছেন, পরিবারের কাউকে গুরুত্বপূর্ণ পদটিতে দেখতে চান না।
দলের পরবর্তী নেতা বাছাইয়ের প্রক্রিয়া কত দূর এগল, তা নিয়ে রাহুল গতকাল খোঁজখবর নেওয়ার পর থেকে ফের সক্রিয় হয়ে ওঠেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্যরা। দল সূত্রের খবর, এই সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধান বা সভাপতির নাম ঘোষণা ও তিনি দায়িত্ব বুঝে নেওয়ার পরেই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। ঘোষণা করা হবে নির্বাচনের দিনক্ষণ।
মে মাসে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই সভাপতি পদ থেকে সড়ে দাঁড়ান রাহুল। তার পর বেশ কয়েক বার বুঝিয়ে-সুজিয়ে রাহুলের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু রাহুল প্রতিবারই জানিয়ে দেন, সিদ্ধান্ত বদলাতে তিনি রাজি নন।
এই পদে অন্তত ছয়জনের নাম শোনা যাচ্ছে কংগ্রেসের ভেতরে-বাইরে। তাদের মধ্যে রয়েছেন, অশোক গহলৌত, শচীন পাইলট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ, সুশীল শিন্ডে ও দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।
