গুজব ও মাদকের বিরুদ্ধে পুলিশের র‌্যালি

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৯:২৬ পিএম

‘গুজব প্রতিরোধ করুন’, ‘মাদককে না বলুন’- এসব স্লোগান গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে নৌ পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কলাগাছিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতি. পুলিশ সুপার ফরিদা পারভীন, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক মো. রুবেল (ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া) এবং অনুষ্ঠানটি সার্বিক তদারকি করেন কলাগাছিয়া নৌফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজার রহমান।

অনুষ্ঠানে ৩০ জন শিক্ষক, ১০০ জন অভিভাবকসহ সহস্রাধিক ছাত্রছাত্রী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি করা হয়। কলাগাছিয়া বাজারসহ আশেপাশের এলাকা ঘুরে শেষ হয় র‌্যালিটি।         

প্রধান অতিথির বক্তব্য ফরিদা পারভীন বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা লাগার গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন মর্মান্তিকভাবে প্রাণ হারায়। এটি একটি গুজব। আইন নিজের হাতে তুলে নেবেন না, ছেলেধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন বা পুলিশের হাতে তুলে দিন। প্রয়োজনে ৯৯৯ ফোন করুন। তিনি বলেন, মাদক ও বাল্যবিবাহ জাতির জন্য একটি অভিশাপ। বাল্যবিবাহ নারী ও পুরুষ উভয়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে চলাফেরা করছে তার খবর নিন। সন্তান মাদক গ্রহণ করে কি না দেখুন। মাদক ও বাল্যবিবাহ সামাজিক ব্যাধি- এর প্রভাবে পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে, যুবকরা হতাশায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।

তিনি উপস্থিত অভিভাবক ও ছাত্রছাত্রীকে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সবাইকে শপথ করান।

ডিস মশা বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত