দুদকের মামলায় শিল্পপতি যুবদল নেতা কারাগারে

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১০:১৫ পিএম

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গোল্ডেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে জেলার বিশেষ দায়রা জজ আদালতের হাকিম মো. সেলিম মিয়া এ আদেশ দেন।

মনিরুজ্জামান ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট।

দুদক সূত্রে জানা যায়, মনিরুজ্জামান ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর রিটার্নের একটি প্রতিবেদন দুদকে জমা দেন। ওটি পর্যালোচনা করে দেখা যায় তিনি ওই প্রতিবেদনে ৯৮ লাখ টাকার কোন হিসাব দেননি।

এ প্রেক্ষাপটে দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা গত ২৭ মে দুর্নীতি দমন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর মনিরুজ্জামান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন নেন।

ফরিদপুর দুদকের পিপি নারায়ণ চন্দ্র দাস জানান, ওই জামিনের মেয়াদ গত ২৮ জুলাই শেষ হয়ে যায়। ওই দিন মনিরুজ্জামান আদালতে নিজে হাজির না হয়ে সময় প্রার্থনা করেন। আদালত তাকে হাজির হওয়ার জন্য দুই দিন সময় দেন।

মঙ্গলবার বিকেলে মনিরুজ্জামান জেলার বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে তার আইনজীবী মো. খসরুর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। দুদক এ জামিনের বিরোধিতা করে বক্তব্য হাজির করে। দুই পক্ষের শুনানি শুনে আদালত মনিরুজ্জামানের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে তাকে আদালত প্রাঙ্গণ থেকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। মনিরুজ্জামান বর্তমানে জেলা কারাগারে অবস্থান করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত