২৫ টাকার ইনজেকশনের দাম ৫০০ টাকা নেওয়ায় রাজশাহী নগরীর আমানা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা মাইনুল হক তার এক আত্মীয়ের অপারেশন করান নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় অবস্থিত বেসরকারি আমানা হাসপাতালে।
এসময় অপারেশনের রোগীর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি ইনজেকশনের দাম নেয় ৫০০টাকা। তিনি এক হাজার টাকা দিয়ে দুটি ইনজেকশন কেনেন।
পরে মাইনুল জানতে পারেন, হাসপাতালের বাইরের ফার্মেসিতে ওই ইনজেকশনের দাম মাত্র ২৫ টাকা। এনিয়ে অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।
এরপর গত সোমবার তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরই আমানা হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়।
শুনানিতে ২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকায় বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আমানা হাসপাতাল লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার এই টাকার মধ্যে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় অভিযোগকারীকে।
