বাগেরহাটের রামপালে ভোটার তালিকা হালনাগাদ কাজের সময় শিক্ষক দম্পতিকে মারধরের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বাবুল (৫২) রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আদালত একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
বাগেরহাট জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে দেশ রূপান্তরকে জানান, ২০১৪ সালের ১৪ জুন ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হলে তার তথ্য সংগ্রহের দায়িত্ব পান বড় কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি বেগম খাদিজা ইয়াসমিন ও মো. রবিউল আলম খোকন। ওই কাজ করতে গিয়ে তারা চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের হাতে মারধরের শিকার হন। ওই ঘটনার প্রায় এক মাস পর ১০ জুলাই সরকারি কাজে বাধাদান ও মারধরের অভিযোগ এনে স্কুলশিক্ষক রবিউল রামপাল থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করেন। জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে মারধরের সত্যতা পেয়ে ওই বছরের ২৩ সেপ্টেম্বর আদালতে চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। আদালতের বিচারক ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
