রংপুরের পীরগঞ্জে মসজিদে জুমআর নামাজ শেষে এক মুসল্লীর জুতা বদলকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষুব্ধ মুসল্লীরা জানান, উপজেলার তরফমৌজা জামে মসজিদে শুক্রবার জুমআর নামাজ শেষে শফিকুল ইসলাম নামে এক মুসল্লীর জুতা ভুল করে অন্য মুসল্লী নিয়ে যান। এ নিয়ে শফিকুল অশ্লীল ভাষায় গালিগালাজ করলে কয়েকজন প্রতিবাদ করেন। শফিকুল ক্ষেপে গেলে দুই পক্ষে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে পাঁচজন আহত হলে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাদের।
আহতরা হলো, তরফমৌজা গ্রামের গোলজার (৪০), আল আমিন (৩২), দেলোয়ার (৩৮), জুয়েল (২২) এবং নজমাল (৬৫)।
পীরগঞ্জ থানার ওসি সুরেশ চন্দ্র বলেন, মারামারির ঘটনায় দুপক্ষ পাল্টাপাল্টি মামলা করতে চেয়েছ। এখনো মামলা হয়নি।
