বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এক শিক্ষককে নিয়ে ফেইসবুকে অশালীন মন্তব্য করার দায়ে তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃত কর্মচারীরা হলেন ক্যাফেটেরিয়ায় কর্মরত সিনিয়র পিএ কাম কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম, নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া এবং রসায়ন বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট মালেক মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণিত বিভাগের এক অধ্যাপককে নিয়ে ফেইসবুকে অশালীন মন্তব্য করার দায়ে তিন কর্মচারীকে গত ২৫ জুলাই কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। এ বিষয়ে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।
