বিয়ের আসরে কনের বাবাকে খুন

‘স্বপ্নাকে তুলে নিতে গিয়েছিলাম’

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০১:১৩ এএম

বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বখাটে সজীব আহমেদ ওরফে রকি ওরফে ভ্যালকা রকির। চাকু দেখিয়ে সবাইকে জিম্মি করার টার্গেট ছিল তার। কিন্তু কনের বাবা তোলা মিয়া বাধা হয়ে দাঁড়ানোর কারণে তাকে আঘাত করে সে। কনের মা ফিরোজা বেগম বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে সে।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইনের কাছে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রকি।

হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ দেশ রূপান্তরকে  বলেন, সজীব শুক্রবার বিকেলে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, রকি চূড়ান্ত মাত্রায় বখাটে ছিল। স্বপ্নার প্রতি তার একপক্ষীয় ভালোবাসা ছিল। সেই মোহে তাকে তুলে আনার জন্যই গিয়েছিল বলে আদালতের কাছে জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে বিয়ের আসরে কনের বাবা তুলা মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। মামলায় খুনের অভিযোগ এনে বখাটে সজীব আহমেদ রকিকে (২৩) আসামি করা হয়েছে। তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানায় নিহত তুলা মিয়ার ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হাতিরঝিল থানার একাধিক কর্মকর্তা জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে রকি বলে, ‘স্বপ্নাকে তুলে নিতে গিয়েছিলাম।’ কিন্তু প্রথমেই তার বাবা-মা বাধা হয়ে দাঁড়ানোর কারণে তাদের আঘাত করেছি।

জানা যায়, স্বপ্নার বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিএমইএ ভবনের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলেন রকি। বিষয়টি আঁচ করতে পেরে নিরাপত্তার স্বার্থে বর আসার আগেই প্রিয়াঙ্কা শুটিং হাউসের দুটো গেটেই তালা মেরে রাখা হয়েছিল। তবে সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে রকি সোজা চলে যায় দ্বিতীয় তলার একটি কক্ষে। ওই কক্ষে স্থানীয় বিউটিশিয়ান পারভীন সুলতানা স্বপ্নাকে সাজাচ্ছিলেন। ঠিক তখনই স্বপ্নাকে জোড়পূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই সময় এগিয়ে আসেন প্রিয়াঙ্কা শুটিং হাউজের নিরাপত্তাকর্মী আল আমিনসহ আরও কয়েকজন। তারা রকিকে জোর করে টেনে দ্বিতীয় তলা থেকে নামানোর চেষ্টা করে। একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে তোলা মিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে সে। এ সময় ফিরোজা বেগম এগিয়ে এলে রকির ছুরি থেকে তিনিও রক্ষা পাননি। 

উল্লেখ্য, ঘটনার তিন ঘণ্টা পর স্থানীয়দের উদ্যোগে ওই আসরেই বিয়ে হয় স্বপ্না ও আলী’র।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত