ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার বড়খোচাবাড়ি বলাকা উদ্যান এলাকার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ২২ জন।
নিহতরা হলেনÑ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুল রহমান (৪৫), কামরুন নাহার (৪০), আনোয়ারা (৪৫), উপজেলার বেংরোল গ্রামের মোস্তফা (৪৫) ও তার স্ত্রী মনসুরা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেশ্বরের স্ত্রী জবা (৩৫), আব্দুল মজিদ (৩৬) এবং মিনিবাসের চালক চায়না (২৮)। আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১৫ জন ভর্তি আছে।
সদর থানার ওসি আশিকুর রহমান জানান, সকালে বড়খোচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল এন্টারপ্রাইজ ও দিনাজপুরগামী মিনিবাস নিশাত এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর দুজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুজন। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মফিদার রহমান বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে তিন ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম ও রুহুল আমিন জানান, একটি মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটিকে বাঁচাতে গিয়ে নৈশকোচ ও মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
এদিকে হতাহতদের দেখতে জেলা আধুনিক সদর হাসপাতালে যান জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহাফুজুল ইসলামসহ অনেকে। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেওয়া হয়।
বিভিন্ন স্থানে নিহত আরো ৩ : গতকাল দুপুরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী প্রাণ হারান। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। আগের রাতে ধামরাইয়ের বাথুলী এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।
সাভার : দুপুরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের উত্তর হালিশহরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শিল্পী আক্তার (২২) নিহত হন। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার সোনার ঘর এলাকার মৃত শাহালম মুন্সীর মেয়ে। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠেন শিল্পী। সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে এক যাত্রী বাস থামানোর সংকেত দিলে চালক হঠাৎ গাড়ি ব্রেক করেন। এ সময় গেটের কাছের সিটে থাকা শিল্পী ছিটকে নিচে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে বাথুলী এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তারা হলেনÑ উপজেলার বালিথা উত্তরপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে মো. সেলিম (২০) ও মৃত আব্দুল খালেক বেপারির ছেলে মাসুদ রানা (২৫)। দুর্ঘটনায় একই এলাকার কাজীমুদ্দিনের ছেলে শাওন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইলের মালিহাতা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে প্রাইভেটকার চাপায় রাশেদ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তার বন্ধু সোহাগ (৩০) আহত হয়েছেন। তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের এসআই মকবুল হক জানান, মোটরসাইকেলযোগে রাশেদ ও সোহাগ সিলেট যাচ্ছিলেন। মালিহাতা এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয় মেডিল্যাব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন।
