ছুটি কাটাচ্ছেন ফেনীর সিভিল সার্জন

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৫:০২ পিএম

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী, ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডেঙ্গু মোকাবিলায় সরকার স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করলেও এমন পরিস্থিতিতে তিন দিন ধরে ফেনীতে নেই সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

শনিবার ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, ফেনীতে দিন দিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফেনীর বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন ডেঙ্গু রোগী। এছাড়া বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ফেনীতে ১০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে ফেনীতে আক্রান্ত হয়েছে ৬ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় সরকার ও স্বাস্থ্য বিভাগ যত সক্রিয় ভূমিকা নিচ্ছে স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। কিন্তু তার ধার ধারছেন না ফেনীর সিভিল সার্জন। তিনি বৃহস্পতিবার থেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঢাকায় অবস্থান করছেন। ফলে ফেনীর স্বাস্থ্য বিভাগ অভিভাবকহীন হয়ে পড়েছে।

শুক্রবার রাতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের ২ শ মশারি ও ৫ শ লিটার স্যালাইন পৌঁছে দিতে যান ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় তিনি সিভিল সার্জনের খোঁজ করেন। ওখানে উপস্থিত কর্মকর্তারা তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানালে সাংসদ ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার দুপুরে ফেনী বিএমএ ও ফেনী জেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির নেতৃবৃন্দ ডেঙ্গু রোগীদের খবর নিতে গেলে সিভিল সার্জনের খোঁজ করে জানতে পারেন তখনো তিনি ঢাকায়। এমন পরিস্থিতিতে সিভিল সার্জনের অনুপস্থিতির জন্য তারা ক্ষোভ প্রকাশ করেন।

ডেঙ্গুর এমন পরিস্থিতিতে তিন দিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানকে শনিবার দুপুর ২টায় মুঠোফোন কল করা হলে তিনি বলেন, আমি পারিবারিক প্রয়োজনে ঢাকায় এসেছি। ওখানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

সরকার স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করেছে আপনি কীভাবে ছুটিতে জানতে চাইলে, তিনি সদুত্তর দিতে পারেননি।

তিনি বলেন, আমি ঢাকা থেকে রওনা হয়েছি, কুমিল্লা পার হয়েছি।

মেডিকেল অফিসার রুবাইয়াত বিন করিমকে কল করা হলে তিনি বলেন, আমি ফেনীর আশপাশে আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত