চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন রেজাউল করিম (৪৪) নামে এক স্কুলশিক্ষক। গতকাল শনিবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁওয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক রেজাউল করিম ওই গ্রামের মরা খাল এলাকার বক্স আলী ডাক্তার বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ছনহরা এলাকার ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।
তার ছোট ভাই সফিউল করিম বলেন, গাছের ডাল কাটার জন্য উঠেছিলেন ভাই রেজাউল। একপর্যায়ে তিনি গাছ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউলের স্ত্রী ও মেয়ে রয়েছে। পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রেজাউল করিম চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি স্থানীয়ভাবে কৃষক সমিতির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।
